প্রকাশিত: Tue, Jan 16, 2024 5:42 AM
আপডেট: Sat, Jun 13, 2026 10:21 AM

[১]স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার পাশে থাকতে চায় ভারত: প্রণয় ভার্মা [২]দিল্লি-ঢাকা সম্পর্ক আরো মজবুত হবে: ড. হাছান মাহমুদ

সালেহ্ বিপ্লব: [৩] সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাত করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। 

[৪] সাক্ষাতের পর প্রেস ব্রিফিংয়ে ড. হাছান মাহমুদ বলেন, তিনি জানান, প্রণয় ভার্মার সঙ্গে আঞ্চলিক সহযোগিতার বিস্তৃত প্রেক্ষাপট নিয়ে কথা হয়েছে। পারস্পরিক সমর্থন, বিশেষ করে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে বাংলাদেশের প্রতি ভারতের ধারাবাহিক সমর্থন নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। 

[৫] ড. হাছান বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের সময় বিতর্ক সৃষ্টির বাহ্যিক প্রচেষ্টা সত্ত্বেও আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারতের সমর্থন ছিল অবিচল।

[৬] ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আমন্ত্রণ গ্রহণ করে পররাষ্ট্রমন্ত্রী তার প্রথম দ্বিপাক্ষিক ভারত সফরের পরিকল্পনার কথা জানান। এই সফরের লক্ষ্য কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা। তবে এ সফরের তারিখ নির্ধারণ করা হবে পরে। এছাড়া ড. হাছান উগান্ডায় বহুপাক্ষিক সফরে যাচ্ছেন বলে সাংবাদিকদের জানান।

[৭] পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এই বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ড. হাছানের প্রথম কূটনৈতিক সম্পৃক্ততা, যা পররাষ্ট্র ও আঞ্চলিক সহযোগিতায় তার সক্রিয় দৃষ্টিভঙ্গি তুলে ধরে।

[৮] প্রেস ব্রিফিংয়ে আগামী দিনগুলোতে বিরোধী দল বিএনপির চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগের কৌশল সম্পর্কে জানতে চান এক সাংবাদিক। জবাবে মন্ত্রী বলেন, বৈধ রাজনীতি করার পরিবর্তে যারা মানুষকে জীবন্ত পুড়িয়ে দেয় এবং নৈরাজ্য উস্কে দেয় তাদের সঙ্গে সংলাপ অর্থহীন।